Views Bangladesh Logo

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় খুবি শিক্ষক চাকরিচ্যুত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুধু বিশ্ববিদ্যালয় থেকেই নয়, এ সিদ্ধান্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সমজাতীয় প্রতিষ্ঠানেও জানানো হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তদন্ত কমিটি ২৯ জুলাই প্রতিবেদন জমা দেয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮’-এর ধারা ৬.৩(ক) অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেই সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট নৈতিক অসচ্চরিত্রতার দায়ে অধ্যাপক রেজাউল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়।

গত জুনে অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে অশালীন ও উত্ত্যক্তমূলক বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থী স্ক্রিনশটসহ লিখিত অভিযোগ জমা দিলে তাঁকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। অভিযোগের পর শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অধ্যাপক রেজাউল ইসলাম ফোন রিসিভ করেননি।

এদিকে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক মো. রুবেল আনছারের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি এসব অভিযোগের পাশাপাশি বিজয় ’২৪ হলের এক ক্যানটিনকর্মীর বিরুদ্ধে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণের অভিযোগও আছে। তার বিচার দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা এবং ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ