‘খেলা শেষ’ লিখে বার্তা পশ্চিমবঙ্গ বিজেপির, ভোট গণনায় উত্তেজনা তুঙ্গে
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের গণনা চলছে। প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি।
সর্বশেষ তথ্যে দেখা যায়, দলটি প্রায় ১৯২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৪টি আসনে। দুই দলের মধ্যে আসন ব্যবধান প্রায় ১০০-এর কাছাকাছি।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লেখা একটি বার্তা দেয় বিজেপি। ২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগানের জবাব হিসেবে এই বার্তাকে দেখা হচ্ছে। পরবর্তীতে তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই স্লোগান ব্যবহার করেছিলেন।
এদিকে ফলাফলে পিছিয়ে পড়ার পরও আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি দলীয় প্রার্থী ও এজেন্টদের গণনাকেন্দ্র না ছাড়ার নির্দেশ দেন এবং অভিযোগ করেন, গণনায় অনিয়ম ও ধীরগতি চলছে।
মমতা ব্যানার্জি দাবি করেন, অনেক জায়গায় গণনা বন্ধ রাখা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে ফলাফল প্রকাশে পক্ষপাত দেখানো হচ্ছে।
তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, মন খারাপ করার কিছু নেই। সূর্যাস্তের পরে আপনারাই জিতবেন। ওয়েট অ্যান্ড সি। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে