Views Bangladesh Logo

খামেনির শেষকৃত্য শুরু, শোকে স্তব্ধ ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির শেষকৃত্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার ভোরে তার মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, খামেনির প্রতি জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম দিন বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রীয় অতিথিদের জন্য রাখা হলেও পরবর্তী সময়ে সাধারণ মানুষের জন্য মরদেহ উন্মুক্ত রাখা হবে।

প্রথম দিকের বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় আলেম ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এছাড়া ইরানের স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

ইরানি কর্মকর্তাদের দাবি, খামেনির শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি কয়েক কোটি মানুষ অংশ নিতে পারেন। তাদের ধারণা, প্রায় ২ কোটি মানুষের উপস্থিতিতে এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানে পরিণত হতে পারে।

সব আনুষ্ঠানিকতা শেষে খামেনিকে তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। এছাড়া আগামী সপ্তাহে কুম ও মাশহাদে বড় পরিসরের শোক মিছিল এবং ইরাকের বিভিন্ন শহরেও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে দীর্ঘদিন জনসমক্ষে না থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল আহমাদ ভাহিদি শেষকৃত্যের প্রস্তুতির সময় প্রকাশ্যে এসেছেন। বৃহস্পতিবার রাতে তেহরানে খামেনির পুরোনো বাসভবনে আয়োজিত এক শোকসভায় তাকে খামেনির কফিনের পাশে বসে থাকতে দেখা যায়। গত ৮ ফেব্রুয়ারির পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে চলমান আলোচনায় ভাহিদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির ঘনিষ্ঠ সহযোগী বলেও মনে করা হয়। ২৮ ফেব্রুয়ারির হামলায় মুজতবা খামেনি আহত হওয়ার পর থেকে তিনি নিরাপত্তাজনিত কারণে জনসমক্ষে আসেননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। একই হামলায় ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও প্রাণ হারান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ