Views Bangladesh Logo

খামেনির কফিন জনসমক্ষে আনল ইরান, দাফন ৯ জুলাই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রথমবারের মতো জনসমক্ষে এনেছে তেহরান। প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের ঐতিহাসিক ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় (কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদ কমপ্লেক্স) জড়ো হয়েছেন হাজারো শোকার্ত মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, রয়টার্স, ফার্স নিউজ এজেন্সি বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

আনুষ্ঠানিক বিদায় পর্বের শুরুতেই প্রয়াত এই নেতার কফিনের ওপর বিছিয়ে দেওয়া হয় পবিত্র মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের ঐতিহ্যবাহী প্রতীকী লাল পতাকা। এর মধ্য দিয়ে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ও তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

ফার্স নিউজের প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো আয়াতুল্লাহ খামেনির কফিনটি ধীরে ধীরে মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে।

কফিনে মোড়ানো এই বিশেষ লাল পতাকার তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন: ‘শিয়া ইসলামে এই লাল পতাকার গভীর ও ঐতিহাসিক প্রতীকী গুরুত্ব রয়েছে। এটি মূলত মহানবী হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হুসাইন ইবনে আলির মহান আত্মত্যাগের প্রতীক, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। শিয়া সম্প্রদায়ের কাছে তিনি অন্যতম সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।’

ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আগামী ৯ জুলাই মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে।তাকে চিরশয্যায় শায়িত করা হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ