Views Bangladesh Logo

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তার কফিন গ্রহণ করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমান নাজাফে অবতরণ করার পর সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় জানাজার আয়োজন করা হয়েছে। এতে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ইরাকের শিয়া সম্প্রদায়ের কাছে আয়াতুল্লাহ খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ায় তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশটিতে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। ওই জানাজায় খামেনির পাশাপাশি তার পরিবারের আরও কয়েকজন সদস্যের মরদেহও অন্তর্ভুক্ত ছিল।

বুধবার মরদেহ নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। এরপর আয়াতুল্লাহ আলী খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ