Views Bangladesh Logo

ইসরায়েলকে ‘চরম প্রতিশোধের’ হুমকি খামেনির

সরায়েলকে ‘ভয়াবহ পরিণতির’ কঠোর সতর্কীকরণ ও ‘চরম প্রতিশোধের’ হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সংঘাত শুরুর পর থেকে বুধবারের (১৮ জুন) প্রথম টেলিভিশন ভাষণে তিনি ঘোষণা করেন, ইরান ‘আত্মসমর্পণ’ করবে না বা ‘চাপিয়ে দেয়া শান্তি বা যুদ্ধ’ মানবে না।

প্রতিশোধ নিতে তেহরানের দৃঢ় সংকল্পে জোর দিয়ে খামেনি বলেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানাতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না’।

ইরান-ইসরায়েল টানা ষষ্ঠদিনের সংঘাতে সহিংসতা আরও তীব্র হওয়ার মাঝেই তার মন্তব্যটি এসেছে, যা দুই দেশকেই নাড়া দিয়েছে এবং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রকেও স্পষ্ট সতর্কীকরণ দেন খামেনি। বলেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ আমেরিকানদের জন্য ‘গুরুতর এবং অপূরণীয় পরিণতি’ ডেকে আনবে।


মঙ্গলবার (১৭ জুন) ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে খামেনি বলেন, ‘ইরানিরা আত্মসমর্পণকারী নয়’।

‘ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ, ইরানিরা আত্মসমর্পণ করেন না’- বলেন দেশটির সর্বোচ্চ নেতা।


এদিকে বুধবার ভোর থেকে পাল্টাপাল্টি বিমান, ড্রোন ও ক্ষেণাস্ত্র হামলা নাটকীয়ভাবে আরও বাড়িয়েছে দেশ দুটি। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের কাছে জেলা ১৮সহ একাধিক স্থানে ইসরায়েলি বিমান হামলায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে তেল আবিব ও এর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় দু’দেশেরই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও হতাহতের সম্পূর্ণ সংখ্যা এখনও স্পষ্ট নয়।

এতে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়ে যাওয়ায় উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

শুক্রবার (১৩ জুন) থেকে চলমান সংঘাতে এ পর্যন্ত কমপক্ষে ৫৮৫ জন নিহত ও এক হাজার ৩২৬ জন আহত হওয়ার খবর দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং আরও পাঁচ শতাধিক আহত হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ