জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে জয়ী বাংলাদেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সাইপ্রাসের বহুপাক্ষিকতাবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিসকে হারিয়ে এক বছরের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলেন।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শেষে এই ফল ঘোষণা করা হয়। নির্বাচনে জাতিসংঘের সদস্য ১৯০টি দেশ ভোট দেয়। এর মধ্যে খলিলুর রহমান ৯৯টি দেশের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন, আর তার প্রতিদ্বন্দ্বী কাকুরিস পান ৯১টি ভোট।
নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। এতে অংশ নিতে পৌনে ১০টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশ করেন খলিলুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নিয়ম অনুযায়ী, এবারের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে। নবনির্বাচিত সভাপতি হিসেবে খলিলুর রহমান আগামী এক বছর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে খলিলুর রহমান এ পদে বসা দ্বিতীয় বাংলাদেশি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে