খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় রিমান্ডে শ্রমিক লীগ নেতা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও তাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পরিদর্শক আবদুল হান্নান গত ২০ আগস্ট কাশেমকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মঙ্গলবার আদালতে আসামির উপস্থিতিতে ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে আসামির পক্ষে আইনজীবী মনির হোসেন সুমন রিমান্ড বাতিলের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৮ আগস্ট একই মামলায় কাশেমকে কারাগারে পাঠানো হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা।
গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। কারওয়ান বাজারের বাপেক্স ভবন, পল্লবী ভবন, পরিবার পরিকল্পনা কার্যালয় ও কাব্যকাস সুপার মার্কেটের সামনে ওই হামলার ঘটনা ঘটে।
অভিযোগে আরও বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালান। হামলায় গাড়িবহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী এবং সিএসএফের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।
পুলিশের দাবি, মামলার তদন্তে আবুল কাশেম পাটোয়ারীর সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তথ্য ও প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ।
মামলার তদন্তে পাওয়া তথ্য যাচাই এবং ঘটনার সঙ্গে কাশেমের সম্পৃক্ততার বিষয়ে আরও তথ্য জানতে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মতামত দিন