এআই বিভ্রাট
ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, ব্যবস্থা পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবির পরিচয় নিয়ে গুরুতর ভুলের ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগে থাকা একজন কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ বাতিল করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যালেন্ডারের প্রথম পাতায় খালেদা জিয়ার ছবির পাশে থাকা ব্যানারে তাকে ‘শেখ মুজিবের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, একই ঘটনায় জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
ঘটনার পর ২০২৭ সালের ক্যালেন্ডারের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলো ফিরিয়ে নেওয়ার উদ্যোগও শুরু হয়েছে।
কীভাবে এবং কার অবহেলায় এ ধরনের ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ অংশ নেওয়া অতিথিদের উপহারসামগ্রীর ব্যাগে ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারটি দেওয়া হয়। পরে ক্যালেন্ডারের প্রথম পাতায় খালেদা জিয়ার ছবির পাশে ভুল পরিচয় ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্ত এবং একজনের নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ শাখার ফটোগ্রাফার রাশেদ এ ভুল করেছেন।
মতামত দিন