Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহী মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে এবং দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (২০ মার্চ) মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. মুশফিকুল ফজল (আনসারী) মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন বলে ইউএনবি জানিয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবামকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এ সময় তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ-মেক্সিকো সম্পর্ক আরও শক্তিশালী করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ২০২৫ সালে বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বিষয়টি উল্লেখ করে বলেন, এই গুরুত্বপূর্ণ মাইলফলক দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে বিনিময় জোরদারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

রাষ্ট্রদূত ঢাকায় মেক্সিকোর একটি দূতাবাস খোলার প্রক্রিয়া দ্রুততর করার অনুরোধ জানান এবং এটিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট শেইনবাম রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূতকে ঐতিহাসিক ন্যাশনাল প্যালেস, মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর ও সরকারি বাসভবন পরিদর্শন করানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ