Views Bangladesh Logo

উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘কাবাব প্লেটার ওয়ার্কশপ-২০২৬’

রান্না শুধু রসনাবিলাসের বিষয় নয়, হয়ে উঠতে পারে আয়ের বড় উৎসও — এই বার্তা সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘কাবাব প্লেটার ওয়ার্কশপ-২০২৬’। রান্না বিষয়ক দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম। বিশেষ অতিথি ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সিনিয়র প্রডিউসার মনিরুজ্জামান লিপন। কর্মশালায় স্কিল ডেভেলপমেন্ট ও আত্মকর্মসংস্থানের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন মাস্টার ট্রেইনার মুনমুন আক্তার।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট রন্ধন প্রশিক্ষক হাসিনা আনছার, যিনি ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি’ শীর্ষক ছয় খণ্ডের গ্রন্থ সিরিজের সম্পাদক। হাতে-কলমে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শেখানো হয় পাঁচটি ভিন্ন স্বাদের পদ — চিকেন তন্দুরি টিক্কা কাবাব, হাড়িয়ালি চিকেন কাবাব, ক্লাসিক গ্রিন কাবাব চাটনি, জাফরানি জিরা রাইস ও পাইনঅ্যাপল সালসা।

সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ, বগুড়া, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও রন্ধনপ্রশিক্ষকেরা অংশ নেন এই ওয়ার্কশপে। কাবাব প্রস্তুতের আধুনিক কৌশল ও পরিবেশন পদ্ধতির পাশাপাশি ফুড বিজনেসে প্রয়োগযোগ্য বিভিন্ন বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণ পান অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষক হাসিনা আনছার বলেন, ‘আমাদের এই কাবাব প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। সামনে আরও নতুন নতুন কোর্স আয়োজন করা হবে। আমার লক্ষ্য শুধু রেসিপি শেখানো নয়; অংশগ্রহণকারীদের এমনভাবে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের জন্য, পরিবারের জন্য এবং প্রয়োজনে সফল ফুড বিজনেস শুরু করতে পারেন। সঠিক রেসিপি, সঠিক টেকনিক এবং নিয়মিত অনুশীলনই সাফল্যের চাবিকাঠি।’

তিনি আরও বলেন, ‘রান্না শুধু একটি শিল্প নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা। সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে এই দক্ষতাকে আয়ের উৎসে পরিণত করা সম্ভব।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ