Views Bangladesh Logo

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদ হারিয়েছেন।

প্রথম সংবাদ ব্রিফিংয়ে বিতর্ক, আইনি যোগ্যতা নিয়ে প্রশ্ন এবং সংবাদমাধ্যমের সমালোচনার মুখে শুক্রবার (১৬ অক্টোবর) তাঁকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসের ইতিহাসে প্রেস সেক্রেটারি পদে এটিকে অন্যতম স্বল্পমেয়াদি দায়িত্বকাল হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জর্জিয়ায় একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার আগে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি জানান, জাকারিয়াকে নতুন দায়িত্বটি নিয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। ট্রাম্প বলেন, এত চাপ নেওয়ার প্রয়োজন আছে কি না, তা জাকারিয়ার ভেবে দেখা উচিত। তবে তিনি ইঙ্গিত দেন, জাকারিয়া অন্য কোনো ভূমিকায় তাঁর সঙ্গে কাজ চালিয়ে যেতে পারেন।

নিউইয়র্ক টাইমসকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তি জানিয়েছেন, জাকারিয়াকে প্রেস সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং জানান, জাকারিয়া নতুন একটি দায়িত্বে যাবেন। তবে তাঁর নতুন পদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাকারিয়া ট্রাম্পের সঙ্গে কাজ করাকে সম্মানের বলে উল্লেখ করেন এবং প্রেসিডেন্টের প্রশংসা করেন।

গত সপ্তাহে ফক্স নিউজের ভাষ্যকার জাকারিয়াকে আকস্মিকভাবেআ প্রেস সেক্রেটারির দায়িত্ব দেন ট্রাম্প। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ ব্রিফিং করেন তিনি। লিখিত বক্তব্য পাঠের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্ব মাত্র সাড়ে পাঁচ মিনিট স্থায়ী হয়। এরপর তাঁর আইন পেশায় যোগ্যতা নিয়ে বিতর্ক শুরু হয়। ট্রাম্প তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দিলেও পরে জানা যায়, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি।

বিতর্ক আরও তীব্র হয় যখন নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদক তাঁকে জানতে চান, যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে তিনি বার পরীক্ষা পাস করেছেন। জাকারিয়া প্রশ্নের উত্তরে বলেন, ‘যখন আমি চীনে চলে যাই।’ পরে তিনি দাবি করেন, প্রশ্নটি ভুল শুনেছিলেন। বৃহস্পতিবার রাতে ফক্স নিউজে শন হ্যানিটির সাক্ষাৎকারেও তাঁর আইনি যোগ্যতা নিয়ে কঠিন প্রশ্ন করা হয়। পরদিন ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানেও একই বিষয় উঠে আসে।

জাকারিয়ার পদচ্যুতির ঘটনা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এক সপ্তাহের অস্থিরতার মধ্যে ঘটল। একই সময়ে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে সরিয়ে দেওয়া, প্রশাসনের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব এবং সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত যোগাযোগ ও আর্থিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। এসব ঘটনা প্রশাসনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় বরখাস্ত হয়েছিলেন। সে সময় ঘটনাটি স্বল্পতম মেয়াদের দায়িত্বকালের রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছিল। জাকারিয়ার পদ হারানোর খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্কারামুচি লেখেন, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, তবে অন্যের দুর্ভোগে তিনি আনন্দ পান না।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ