Views Bangladesh Logo

কলাবাগান থানার এসআই নিখোঁজ, সারাদেশে বার্তা পাঠিয়েছে পুলিশ

রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ পুলিশ সদস্যের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকেই তার অবস্থান অজানা রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ এসআইয়ের বাড়ি শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। ব্যক্তিগত বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

তবে তার স্ত্রীর দাবি, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না এবং দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক ছিল।

এদিকে, নিখোঁজ এসআইয়ের সন্ধান পেতে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। তার সম্পর্কে কোনো তথ্য জানা গেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ