Views Bangladesh Logo

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রবিবার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি তাঁকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এর আগে গত ২৭ আগস্ট সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি মো. হাবিবুল গনি এতদিন হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর এই শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ