Views Bangladesh Logo

এগিয়ে এলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, নতুন সূচি প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সময়ের চেয়ে কয়েক দিন এগিয়ে আগামী ৮ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সভায় পরীক্ষার সংশোধিত সময়সূচি চূড়ান্ত করা হয়। গত ৬ আগস্ট অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এবার চার দিনে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি এবং ১৩ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা হবে। সর্বশেষ ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। দেশের সব শিক্ষা বোর্ডে একই সময়সূচি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বোর্ডের সভায় আলোচনা করে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত চার দিনে সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সম্ভাব্য ফল প্রকাশের তারিখ রাখা হয়েছিল ৩০ ডিসেম্বর। নতুন সিদ্ধান্তে পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হলেও ফল প্রকাশের বিষয়ে সংশোধিত কোনো তারিখ জানানো হয়নি।

এবার মোট ৪০০ নম্বরের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ করে নম্বর থাকবে এবং প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এই দুই বিষয়ের পরীক্ষার জন্যও মোট তিন ঘণ্টা সময় নির্ধারিত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ