জুলাই গণঅভ্যুত্থানের ৬ মামলায় রায়: ১৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১১ জনের
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব রায়ে মোট ১৬ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রথম রায়: ২০২৫ সালের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় ৫ বছরের কারাদণ্ড। শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়।
দ্বিতীয় রায়: চানখাঁরপুলে ছয়জন হত্যার ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। আরও পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তৃতীয় রায়: আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো ও একজন হত্যার ঘটনায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
চতুর্থ রায়: রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় ২০২৬ সালের ৯ এপ্রিল দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পঞ্চম রায়: রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণসহ তিনজন হত্যার ঘটনায় গত ২৮ জুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। গ্রেপ্তার একমাত্র আসামিকে দেওয়া হয় ২০ বছরের কারাদণ্ড।
ষষ্ঠ রায়: গত ৩০ জুন জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। কুষ্টিয়ায় ছয়জন হত্যার ঘটনায় কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগে এই রায় দেওয়া হয়।
চানখাঁরপুলে সংঘটিত অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ ২০২৫ সালের ২৬ মে আমলে নেওয়ার মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিচার প্রক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মতামত দিন