Views Bangladesh Logo

জুলাই আন্দোলন বিএনপির মাধ্যমে তৈরি হয়েছিল, কোথায় ছিল বিরোধী দল: এ্যানি

জুলাই আন্দোলনের ভিত্তি বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, জুলাই আন্দোলনে বর্তমান বিরোধী দল কোথায় ছিল এবং গত ১৭ বছর তারা কী ভূমিকা পালন করেছে—এ প্রশ্ন এখন উঠছে। তার দাবি, বিএনপি যুগপৎ আন্দোলন ও জোট গঠনের মাধ্যমে আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল, কিন্তু এখন কেউ কেউ এককভাবে আন্দোলনের কৃতিত্ব দাবি করছে। তার ভাষ্য, একটি অভ্যুত্থানের পেছনে দীর্ঘ প্রস্তুতি ও ভিত্তি থাকে, আর সেই ভিত্তি ছিল বিএনপির আন্দোলন।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলের সব নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগও নেই। তবে বিরোধী দলের পক্ষ থেকে ‘ভালো আওয়ামী লীগকে’ সঙ্গে নেওয়ার বক্তব্য থেকেই বিভেদের সূচনা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে এ্যানি বলেন, কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তিনি প্রবাসী ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে বিতর্কিত আসনগুলোর বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের ‘চুরি-লুটপাটের’ কারণে দেশকে নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে। তবে জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলেও দাবি করেন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতনের অভিযোগও তোলেন তিনি।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, বিভেদ নয়, জাতীয় ঐক্য প্রয়োজন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা আজ সংসদে বিরোধী দলে রয়েছে, যা দেশের জন্য লজ্জার। তিনি আরও দাবি করেন, দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রাখছে এবং বিএনপি ঐক্যে বিশ্বাস করলেও জামায়াত তা করে না।

সভাপতির বক্তব্যে ‘আমরা বাংলাদেশি’র সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ