Views Bangladesh Logo

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে জাকসুর বিভিন্ন হল ইউনিয়নের আরও বেশ কয়েকজন নেতাও ছাত্রদলে যোগ দেন।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, নতুন যারা যোগ দিয়েছেন তারা বিএনপি ও ছাত্রদলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

বিএনপিতে যোগ দেওয়া জাকসু নেতাদের মধ্যে রয়েছেন বিভিন্ন হল ইউনিয়নের সাতজন সহ-সভাপতি (ভিপি), তিনজন সাধারণ সম্পাদক (জিএস) এবং একজন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)।

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে প্রার্থী হয়ে আবদুর রশিদ জিতু ভিপি নির্বাচিত হন।

বিএনপিতে যোগদানের বিষয়ে জিতু বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে যারা ধারণ করে, তিনি তাদের সঙ্গেই কাজ করতে চান। তার মতে, বিএনপি এসব নীতিতে বিশ্বাসী।

তিনি আরও বলেন, একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে বিএনপির বিকল্প নেই। একমাত্র বিএনপিই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে। যুবসমাজের সঙ্গে বিএনপির কাজ তাকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে তিনি বিএনপির জন্য কাজ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ