শিশুসন্তানসহ কারামুক্ত হলেন সেই যুব মহিলা লীগ নেত্রী
তেজগাঁও থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের নেত্রী শিল্পী বেগম কারামুক্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে দেড় মাসের কন্যাসন্তানসহ তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও রেলওয়ে কলোনি এলাকা থেকে শিল্পীকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম শিল্পী বেগমকে কারাগারে আটক রাখার আবেদন জানান। ওই সময় শিল্পীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি মানবিক বিবেচনায় তার জামিন আবেদন করেন। তিনি জানান, আসামির ১ মাস ১৬ দিনের কন্যাসন্তান রয়েছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।
প্রাথমিকভাবে জামিন নামঞ্জুর হলেও পরবর্তীতে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই চানখাঁরপুল এলাকায় আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর হামলার অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, পরবর্তীতে ২৩ জুলাই শিল্পী বেগমের নির্দেশে কয়েকজনসহ ১২০–১৩০ জন দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে এবং তার পিতাকে মারধর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে