মিছিলের প্রস্তুতিকালে যবিপ্রবি এলাকা থেকে যুবলীগ নেতা আটক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে বদিউজ্জামান বাদল নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বদিউজ্জামান বাদল যবিপ্রবির সাবেক কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সমর্থনে একটি মিছিল বের করার উদ্দেশ্যে রাতে আমবটতলা বাজার এলাকায় যুবলীগ নেতা বাদল, আরশাদ আলীসহ বেশ কয়েকজন জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মিলে সেখানে অভিযান চালায়। এ সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও এলাকাবাসীর সহযোগিতায় বদিউজ্জামান বাদলকে আটক করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একটি বিশেষ দল ঘটনাটি তদন্ত করছে এবং আটককৃত ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে