যুবদলকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে: মোনায়েম মুন্না
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যুবদলকে জড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে।
তিনি বলেন, দলীয় কর্মসূচিতে কোনো বাগ্বিতণ্ডা হয়নি, কিন্তু সত্যতা যাচাই না করেই কিছু গণমাধ্যমে মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়েছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোনায়েম মুন্না বলেন, যুবদলের সভায় হট্টগোলের খবর অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে।
তিনি সাংবাদিকদের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
তিনি জানান, পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুবদল সভাপতি দাবি করেন, সংগঠনের নেতাকর্মীরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে মিছিল, সমাবেশ ও গণসংযোগ পরিচালনা করে আসছেন।
তিনি আরও দাবি করেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি বলেন, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বহিষ্কারের পাশাপাশি আইনের আওতায় আনতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া যুবদলের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সেতু নির্মাণ, খাল খননসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।
মতামত দিন