Views Bangladesh Logo

জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বুধবার (২২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে আব্দুল মোনায়েম মুন্না লেখেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভাই একজন বিদগ্ধ রাজনীতিবিদ। ভদ্র ও মার্জিতভাবে তিনি কথা বলেন। কিছুদিন আগে জাতীয় সংসদে তিনি বলেছিলেন— ‘জামায়াতে ইসলামী মানেই ইসলাম নয়।’ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং জামায়াত নেতাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড (নৈতিক স্খলনজনিত অপকর্ম) সেই বক্তব্যের সত্যতা প্রমাণ করেছে। তাই আমি মনে করি, দলের নাম ‘জামায়াতে ইসলামী’ থেকে অবিলম্বে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে।’

গত সোমবার রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে তদন্ত করে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

এরপরই গাজী নজরুলকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের আহ্বান জানায় দলটি। একই সঙ্গে তিনি পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের দাবিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার সিদ্ধান্তও নেয় জামায়াত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ