জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার পর নিরাপত্তা জোরদারে ১৪ সিদ্ধান্ত, বহিরাগত প্রবেশে কড়াকড়ি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর নিরাপত্তা জোরদারে ১৪ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বহিরাগত প্রবেশে কড়াকড়ি, কুইক রেসপন্স টিম গঠন, হটলাইন চালু, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ স্থানে আলোর ব্যবস্থা অন্যতম।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
তিনি বলেন, সম্প্রতি রাতে আবাসিক হলে ফেরার পথে এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে বহিরাগত এক দুষ্কৃতকারী টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নেয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হবে। দলটি প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দ্রুত ঘটনাস্থলে সাড়া দেবে এবং অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা পাবে।
এছাড়া ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণে বহিরাগতদের পরিচয়পত্র দেখিয়ে লগবুকে নাম-ঠিকানা ও প্রবেশের উদ্দেশ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যাম্পাস-সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ পাস ব্যবস্থা চালু করা হবে।
নির্মাণশ্রমিক, দোকানকর্মী ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাদের পরিচয় যাচাই করে ডেটাবেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের কথাও জানানো হয়েছে।
গেটগুলোতে নিরাপত্তা প্রহরী বাড়ানো, নতুন আনসার সদস্য নিয়োগ, সীমানাপ্রাচীর সংস্কার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত আলো ও সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে র্যাগিং ও বুলিং প্রতিরোধে স্থায়ী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ১২ মে রাতে ক্যাম্পাসের একটি পরিত্যক্ত ভবনসংলগ্ন এলাকায় ওই শিক্ষার্থী আক্রান্ত হন। ঘটনার পর মামলা করা হলেও আসামি এখনও গ্রেপ্তার হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে