Views Bangladesh Logo

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর বছিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। তবে মরদেহের অবস্থা বিকৃত হওয়ায় শুরুতে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে নিহতের পরিবারের সদস্য ও বন্ধুরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।



এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি ফেসবুক গ্রুপে নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পাশে পাওয়া পরিচয়পত্রের ছবি প্রকাশ করা হয়। পরে বিষয়টি নিয়ে ঢাকা নৌ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, বছিলা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর দুই থেকে তিন দিন পর মরদেহটি নদীতে ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ