Views Bangladesh Logo

জুলাই আন্দোলন নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থী হলেন প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) শিক্ষার্থী শারাফাত শারিক। তিনি শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পৃথক আরেকটি আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য, নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং এ ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিতকরণসহ ঘটনার পূর্বাপর তথ্য উদ্‌ঘাটনের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে। সদস্য হিসেবে রয়েছেন সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট মো. রেজাউল আলম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সুস্পষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে।

এদিকে বুধবার দিবাগত রাতে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলাটি রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ