Views Bangladesh Logo

জাবি মেডিকেল সেন্টারের প্রধান অবরুদ্ধ, ওষুধ কেলেঙ্কারিতে কর্মকর্তা বরখাস্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারের অনিয়ম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে প্রধান মেডিকেল কর্মকর্তা ড. শামসুর রহমানকে অবরুদ্ধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতারা। একই দিনে ওষুধের মজুদে গরমিলের অভিযোগে মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) মো. নূর-এ-কামালকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে মেডিকেল সেন্টারে এ কর্মসূচি পালন করেন জাকসু নেতারা।

জাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হুসনে মুবারক বলেন, প্রধান মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও কারচুপির অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পাশাপাশি প্রশাসনের দীর্ঘদিনের গাফিলতির প্রতিবাদে তাকে অবরুদ্ধ করা হয়েছে।

জাকসুর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—মেডিকেল সেন্টারের অনিয়ম তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, এটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত করা, পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও ডিপ্লোমা নার্স নিয়োগ, অ্যাম্বুলেন্স ও প্যাথোলজি সেবার মানোন্নয়ন এবং প্রায় ২০ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

দাবিগুলো বাস্তবায়নে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে পুরো মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানান, মেডিকেল সেন্টারের অনিয়মের অভিযোগ তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ওষুধের মজুদে গরমিলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) মো. নূর-এ-কামালকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, সত্যতা যাচাই এবং দায়ীদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ