Views Bangladesh Logo

ধর্ষণে অভিযুক্ত শিবির নেতার ‘গুমের নাটকের’ প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রশিবিরের এক নেতাকে ঘিরে ‘মিথ্যা গুমের নাটক’ সাজানোর অভিযোগ তুলে এবং ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

রোববার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারসংলগ্ন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’, ‘মুনাফেকি আর ভণ্ডামি, শিবিরের মূলনীতি’ এবং ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না’—এ ধরনের স্লোগান দেন।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সম্প্রতি ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে গুমের অভিযোগ উত্থাপন করা হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে তার বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এ ধরনের ঘটনা প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের প্রতি অবমাননাকর।

তিনি আরও অভিযোগ করেন, ধর্ষণ ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কেন্দ্র করে গুমের নাটক সাজিয়ে সরকারকে দায়ী করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তিনি জামায়াত-শিবিরকে ‘প্রচারনির্ভর রাজনীতি’ পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ