এমপিদের অতিরিক্ত শপথ না নেওয়ার আহ্বান বাংলাদেশ জাসদের
নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধানবহির্ভূত অতিরিক্ত শপথ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটি বলেছে, জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে গণতান্ত্রিক সংস্কারে জাতীয় সংসদের সামনে বাধা সৃষ্টির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাই জাতীয় সংসদে রাষ্ট্রপতির গণভোট আদেশ অনুমোদন ছাড়া সংসদ সদস্যদের অতিরিক্ত আরেকটি শপথ না নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সোমবার বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে এই আহ্বান জানান। তারা বলেন, ‘দেশবাসীর সাথে আমরাও গভীর আগ্রহের সাথে জাতীয় সংসদের সদ্য নির্বাচিত সদস্যদের এবং নতুন মন্ত্রিসভার শপথের জন্য প্রতীক্ষা করছি। কিন্তু গণমাধ্যমে সংসদ সদস্যদের আরেকটি অতিরিক্ত শপথের খবরে বিচলিত ও উদ্বিগ্ন বোধ করছি।’
বিবৃতিতে বলা হয়, একটি অসাংবিধানিক আদেশের বলে গণভোটে এ ধরণের শপথ, সময়সীমা বেঁধে দেওয়া ইত্যাদি জায়েজ করার বিরুদ্ধে আমরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছি। আগামী সংসদে রাষ্ট্রপতির আদেশ গৃহীত হবার আগে এ ধরণের অতিরিক্ত শপথ বৈধ হবে না।
নেতারা বলেন, আমরা খুবই উদ্বেগ ও বিরক্তির সাথে লক্ষ্য করছি, একটি মহল গৌরবময় জুলাই গণঅভ্যুত্থানের নামে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে সংসদের ওপর চাপ সৃষ্টি করে সাংবিধানিক সংকট তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। এটি মূলত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক সংস্কারকে ব্যর্থ করার প্রয়াস।
তারা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছিল আগামী সংসদ দ্রুততম সময়ের মধ্যে সেগুলো অনুমোদন করবে বলে আশা করছি। যেসব প্রশ্নে ভিন্নমত রয়েছে সেগুলো জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট তথা শরিক সংগঠনগুলো কমিশনের আলোচনায় যে সব বিষয়ে ঐকমত্য ও ভিন্নমত প্রকাশ করেছে সেগুলো সে অনুযায়ী বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে অঙ্গীকারাবদ্ধ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে