নির্ধারিত সময়েই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। সহিংসতা ও নাশকতার কারণে নির্বাচন বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) আসন্ন ইংরেজি বর্ষপূর্তি ও বড়দিন উদযাপনের বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় আসাদুজ্জামান খান বলেন, “নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ফলে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।”
বিএনপি ক্ষমতায় আসতে চাইলে তাদের নির্বাচনে আসতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, "বিএনপি তাদের নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বন্ধ করার জন্য অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করেছে। আমরা মনে করি, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনের বিকল্প নেই। আমরা সেটাই করছি। বিএনপি যদি ক্ষমতায় আসতে চায় তাহলে তাদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়া উচিৎ।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে