সংসদে আরও ৮ বিল পাস, গুমকে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় অন্তর্ভুক্ত
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে জাতীয় সংসদে আরও ৮টি বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলগুলো কণ্ঠভোটে পাস হয়। দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এগুলো নিয়ে আলোচনা ছাড়াই সরাসরি ভোটে পাস হয়।
সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে।
আজ পাস হওয়া বিলগুলোর মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’ উত্থাপন করেন। আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান পৃথকভাবে ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল’, ‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল’, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল’ এবং ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল’ পাসের প্রস্তাব উত্থাপন করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল উত্থাপনকালে আইনমন্ত্রী জানান, এই আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম বা বাধ্যতামূলক নিখোঁজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের বিচার নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে অনেকে প্রশ্ন তোলায় বিলটি উপস্থাপনের আগেই সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কয়েকটি বিলও এদিন পাস হয়। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ ছাড়া ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ও পাস হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে