আইনের শাসন মজবুত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: তথ্য সচিব
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, অনুসন্ধানী সাংবাদিকতা সত্যের পক্ষে দাঁড়ায়, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোববার (২৯ জুন) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) উদ্যোগে ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুবা ফারজানা বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সাংবাদিকদের, বিশেষ করে আইন বিষয়ক সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।’
সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারিত্বে এবং সুইডেন দূতাবাসের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভুঁইয়া। তিনি প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ বাস্তবায়নের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরে বলেন, ‘পৃথক জুডিশিয়াল সচিবালয় গঠন, জুডিশিয়াল কাউন্সিল পুনরায় কার্যকর করা, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন পাসের কাজ এগিয়ে চলেছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশ-এর সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমকো-এর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।
নিমকোর সহকারী পরিচালক ও কর্মশালার পরিচালক তানজিম তামান্না-এর সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় আইনগত স্টোরিটেলিং, সূত্রের সুরক্ষা, জটিল আইন সহজভাবে ব্যাখ্যা, বিচার বিভাগীয় স্বচ্ছতা এবং তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির টুলস ইত্যাদি বিষয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন ইউএনডিপি-এর সিনিয়র রুল অব ল’ অ্যাডভাইজর রোমানা শোয়েগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, বাংলা আউটলুক-এর স্পেশাল করেসপন্ডেন্ট মুক্তাদির রশিদ এবং এপি-এর ব্যুরো চিফ জুলহাস আলম।
কর্মশালায় ল’ রিপোর্টার্স ফোরাম-এর সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী, ইউএনডিপি এবং সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে