দশম ওয়েজবোর্ড গঠন ও মহার্ঘ ভাতার দাবিতে সাংবাদিকদের সমাবেশ বৃহস্পতিবার
গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার সংগঠন দুটির এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথভাবে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের যথাসময়ে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও দৈনন্দিন ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে পড়েছে।
বিএফইউজে ও ডিইউজের নেতারা অভিযোগ করেন, প্রায় এক দশক আগে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ নানা আইনি ও প্রশাসনিক অজুহাতে এখনো অনেক সংবাদমাধ্যমে বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও সাংবাদিকদের আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন কমিটি গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
তারা বলেন, সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি অনুমোদিত জাতীয় বেতনস্কেলে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি করা হয়েছে। অথচ গণমাধ্যমকর্মীদের বাদ দিয়ে শুধু সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানো হলে সমাজে তীব্র বৈষম্য তৈরি হবে।
সাংবাদিক নেতারা বলেন, চতুর্থ ওয়েজবোর্ড রোয়েদাদ পর্যন্ত সাংবাদিকদের বেতন-ভাতা সরকারি কর্মচারীদের তুলনায় উন্নত ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাংবাদিক সমাজ এখন উপেক্ষিত।
তারা অবিলম্বে দশম ওয়েজবোর্ড ঘোষণা, নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা এবং যেসব প্রতিষ্ঠানে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন হয়নি, সেসব প্রতিষ্ঠানে বকেয়াসহ রোয়েদাদ বাস্তবায়নে কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান।
মতামত দিন