Views Bangladesh Logo

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এতে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় জামিন মিলেছে এবং তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।

দুদক গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে। পরবর্তীতে ২৫ জানুয়ারি গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং ২৮ জানুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলায় বলা হয়েছে, আনিস আলমগীরের মোট সম্পদ ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা, যার মধ্যে ২৫ লাখ টাকা স্থাবর এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা অস্থাবর। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ মোট অর্জিত সম্পদ ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা। তার বৈধ আয়ের পরিমাণ ছিল ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর ফলে তার ঘোষিত আয়ের তুলনায় প্রায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা অতিরিক্ত, যা জ্ঞাত আয় বহির্ভূত হিসেবে ধরা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। ১৫ ডিসেম্বর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৫ মার্চ হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ