গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান
রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার সকালে পরিচালিত এই যৌথ অভিযানে লেকপাড় ও সড়কের পাশের প্রায় অর্ধশতাধিক অবৈধ অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গুদারাঘাট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সরেজমিনে দেখা যায়, রাজউকের ভারী হুইল এস্কেভেটর ব্যবহার করে ফুটপাতের ওপর গড়ে তোলা সারি সারি দোকান ভেঙে ফেলা হচ্ছে। গুলশান-১ থেকে গুদারাঘাট অভিমুখী প্রধান সড়ক থেকে শুরু করে লেকপাড় পর্যন্ত চলাচলের পথ আটকে তৈরি করা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখলের কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অভিযানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তারা শেষ পর্যন্ত উপস্থিত হতে পারেননি বলে ডিএনসিসির পক্ষ থেকে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নগরবাসীকে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুটপাত ও জনসাধারণের জায়গা অবৈধ দখলের বিরুদ্ধে এই 'জিরো টলারেন্স' নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।
অভিযান শেষে উদ্ধারকৃত স্থানের পরিমাণ এবং পরবর্তী রক্ষণাবেক্ষণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য ডিএনসিসি ও রাজউকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে