Views Bangladesh Logo

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তার ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠার একদিনের মাথায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শের আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শের আলীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, গভীর রাতে ক্যাম্পাসে ছোট ভাই, হবু স্ত্রী ও ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থানকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী এবং ভূগোল বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন মোটরসাইকেলে এসে কোনো কারণ ছাড়াই তার ছোট ভাই ও বন্ধুকে মারধর শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, শোরগোল শুনে ঘটনাস্থলে গেলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাকে মারধর করেন। এ সময় তিনি বলেন, আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলবো।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় তার হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাকেও আঘাত করার চেষ্টা করা হয়।

ঘটনার পর অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে শের আলীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ