‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রিকশাচালককে ধরে পুলিশে দিল ছাত্রদল
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রিকশা চালিয়ে প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় সেখানে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তি নিজের নাম মনির বলে জানিয়েছেন। তিনি বরগুনার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার সঙ্গে ছাত্রলীগের কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, নিষিদ্ধ ঘোষিত ও পলাতক আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে তারা আগের দিন থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। এর মধ্যেই রোববার দুপুরে ওই রিকশাচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আটকের সময় তাকে মারধর করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত অবস্থায় থাকায় তাকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, চিকিৎসা শেষে সুস্থ হলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তের পর তা নির্ধারণ করা হবে।
তবে রিকশাচালক মনিরের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। একইভাবে তাকে আটকের আগে বা পরে মারধরের ঘটনায় কারা জড়িত, সেটিও পুলিশের তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার কথা রয়েছে।
মতামত দিন