গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
চলমান ভারী বর্ষণ ও দমকা হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যাওয়ায় কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী আহত হননি।
রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই গাছটি উপড়ে বাসের ওপর পড়ে। সৌভাগ্যবশত তখন বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। আশপাশে থাকা শিক্ষার্থীরাও দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছের ডালপালা সরিয়ে এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, ‘আজ সকালে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর বড় একটি গাছ ভেঙে পড়ে। এতে কোনো শিক্ষার্থীর ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি জানান, প্রাথমিকভাবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা হতে পারে।
ক্যাম্পাসে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক তারিক বিন আতিক বলেন, ‘ক্যাম্পাসে অনেক ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এসব গাছ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া। গাছটি যদি শিক্ষার্থীদের ওপর পড়ত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’
মতামত দিন