Views Bangladesh Logo

জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একই স্থান ও একই সময়ে তিনটি ভিন্ন সংগঠন সমাবেশের ঘোষণা দেওয়ায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ সিদ্ধান্তের বিষয়ে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

এর আগে ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।

সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ