ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল কোনো ছবি
সংস্কার শেষে নতুনভাবে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি স্থান পেলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো গৌরবোজ্জ্বল ছবি রাখা হয়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু ভবনের নিচতলায় সংস্কার করা সংগ্রহশালাটির উদ্বোধন করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংগ্রহশালাটি ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বছর ১৯২১ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান, পরবর্তী ডাকসু নির্বাচন এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যাকাণ্ডসহ বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য ঘটনা ও ব্যক্তিদের ছবি সেখানে রাখা হয়েছে। আবদুল হামিদ খান ভাসানী, এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এম এ জি ওসমানী, নবাব সলিমুল্লাহ, জিয়াউর রহমান ও খালেদা জিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবিও রয়েছে।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো একক ছবি বা ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা, আগরতলা মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন কিংবা ৭ মার্চের ভাষণসংক্রান্ত কোনো ছবি সেখানে দেখা যায়নি। বঙ্গবন্ধুর দুই ছেলের ১৯৭৪ সালের বিয়ের একটি ছবি এবং তাঁর ছবি সংবলিত তিনটি পেপার কাটিং রাখা হয়েছে।
অন্যদিকে সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি রয়েছে। এর একটি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া তাঁর বক্তব্যের সময়কার। ওই বক্তব্যে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন। আরেকটি ১৯৪০ সালের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনের গ্রুপ ছবি। তৃতীয়টি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে পাকিস্তানের ‘ডন’ পত্রিকায় প্রকাশিত জিন্নাহর ছবি সংবলিত প্রতিবেদনের কাটিং।
বঙ্গবন্ধুর ছবি না রাখার বিষয়ে জানতে চাইলে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ‘ফ্যাসিবাদের সব আইকনের’ ছবি সংগ্রহশালা থেকে সরিয়ে ফেলা হয়েছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের অংশে বঙ্গবন্ধুর ছবি থাকার কথা উল্লেখ করে ১৯৪৭ থেকে ১৯৭১ সালের অংশে তাঁর ছবি না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ইচ্ছা হয়নি, তাই রাখিনি।”
জিন্নাহর ছবি রাখার বিষয়ে প্রশ্ন করা হলে জুমা বলেন, তিনি জিন্নাহর ছবি রাখেননি, ওই সময়ের একটি ইভেন্টের ছবি রেখেছেন। এর আগে ২০২৫ সালের ডাকসু নির্বাচনের সময়ও সংগ্রহশালায় বঙ্গবন্ধুর একাধিক ছবি ছিল। ডাকসু নির্বাচনের পর সেসব ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী দাবি করেছেন।
মতামত দিন