গণভোটের পক্ষে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা
লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জুলাই মাসের আন্দোলনেও সক্রিয় ছিলেন বলে জানা যায়।
জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার সঙ্গে দলীয় অন্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাকিবুল হাসান বলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে একটি ফেসবুক পোস্টের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে, এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে