Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে সিনেটে অনুমোদন পেলেন জে ক্লেটন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) হিসেবে জে ক্লেটনের নিয়োগ অনুমোদন করেছে মার্কিন সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মনোনয়ন প্রক্রিয়া কয়েক সপ্তাহ বিলম্বিত রাখার পর অবশেষে স্থায়ী পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপির বরাতে এ তথ্য জানা গেছে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এবং সাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ক্লেটন সরাসরি দলীয় লাইন ধরে ৫১-৪৭ ভোটে অনুমোদিত হন। রিপাবলিকানরা জুন মাসেই তার অনুমোদন শেষ করতে চেয়েছিলেন। তবে সাবেক পরিচালক তুলসি গ্যাবার্ডের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত বিল পুল্টেকে কিছুদিন কাজ করার সুযোগ দিতে ট্রাম্প নিজেই শুনানি পিছিয়ে দিয়েছিলেন।

আবাসন খাতের সাবেক নিয়ন্ত্রক পুল্টের গোয়েন্দা বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকায় শুরু থেকেই দুই দলের সিনেটরদের মধ্যে উদ্বেগ ছিল। এমনকি তার দায়িত্বকালেই ট্রাম্প হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে ২০২০ সালের নির্বাচনে পরাজয় নিয়ে আগের দাবি পুনরাবৃত্তি করেন এবং নিজের দাবির সমর্থনে কিছু গোপন নথিও প্রকাশ করেন।

ক্লেটনের মনোনয়ন নিয়েও অস্বস্তিতে ছিলেন ডেমোক্র্যাটরা। দুই সপ্তাহ আগের এক বিতর্কিত শুনানিতে তিনি বারবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২০ সালের নির্বাচনী বিজয় সরাসরি স্বীকার করতে অস্বীকৃতি জানান, যার ফলে তিনি দ্বিদলীয় সমর্থন হারান। সিনেটের গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার শুনানি শেষে জানান, শুরুতে ক্লেটনের প্রতি তার সমর্থন থাকলেও পরবর্তী অবস্থানে তিনি গভীরভাবে হতাশ হয়েছেন এবং তার মনোনয়নের বিরোধিতা করবেন বলে জানান।

ভোটাভুটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেটনের প্রশংসা করে ট্রাম্প লেখেন, জে সবদিক থেকেই অসাধারণ এবং পরিচালক হিসেবে চমৎকার কাজ করবেন। যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় সাধন এবং প্রেসিডেন্টের জন্য দৈনিক গোয়েন্দা প্রতিবেদন তৈরির দায়িত্ব এখন থেকে সামলাবেন নতুন এই পরিচালক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ