Views Bangladesh Logo

নির্বাচনে ৫ লাখ টাকা ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৫ লাখ টাকা ব্যয় করেছে বলে নির্বাচন কমিশনে (ইসি) হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। বুধবার দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে এই হিসাব ইসিতে জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

জমা দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে জাতীয় পার্টি জানিয়েছে, দলীয় প্রচারণায় খরচ হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভায় ১ লাখ ১৫ হাজার টাকা এবং স্টাফ খাতে ৬৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি ১৯৬টি আসনে প্রার্থী দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দেওয়া কোনো রাজনৈতিক দল সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত নির্বাচনী ব্যয় করতে পারে। এছাড়া প্রার্থীরা নিজ নিজ আসনে আলাদাভাবে ব্যয় করার সুযোগ পান।

তবে জাতীয় পার্টি তাদের ব্যয় বিবরণীতে প্রার্থীদের অনুদান বা সহায়তা বাবদ কোনো খরচ দেখায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাধারণত রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রার্থীদের আর্থিক সহায়তা দিয়ে থাকে।

জাপা জানিয়েছে, প্রাইম ব্যাংকের বনানী শাখার একটি হিসাবের মাধ্যমে নির্বাচনী ব্যয় পরিচালনা করা হয়েছে। দলটির তথ্য অনুযায়ী, ওই হিসাবে বর্তমানে ৬৬ লাখ ২৪ হাজার ৯৪৭ টাকা জমা রয়েছে। গত এপ্রিলে সেখান থেকে ৫ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করা হয়।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়। সেখানে দলটি প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ