জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র হলেন সুনীল শুভ রায়
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে সুনীল শুভ রায়কে নিয়োগ দিয়েছে দলটি। রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের দেওয়া ক্ষমতাবলে এবং দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সুনীল শুভ রায়কে নতুন এ দায়িত্ব দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির রাজনীতিতে সুনীল শুভ রায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় পার্টিতে সুনীল শুভ রায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানকে মূল্যায়ন করেই তাকে কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বে সুনীল শুভ রায়ের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করছে জাতীয় পার্টি। পাশাপাশি চেয়ারম্যানের বক্তব্য ও দলীয় অবস্থান গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
মতামত দিন