জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নগরপ্রধান
জাপানের স্থানীয় প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন দায়িত্বে থাকা কোনো মেয়র। পশ্চিমাঞ্চলের ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতা প্রথম সন্তানের জন্মের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার এ উদ্যোগ দেশজুড়ে কর্মজীবী নারীর অধিকার, মাতৃত্বকালীন সুবিধা এবং কর্মক্ষেত্রে সমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
৩৫ বছর বয়সী শোকো কাওয়াতা বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। তিনি জানিয়েছেন, মাতৃত্বকালীন ছুটিতে থাকলেও পুরোপুরি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে সিটি হল থেকেই তদারকি করবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কোনো মেয়রের মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঘটনা জাপানের ইতিহাসে এবারই প্রথম। প্রায় ৬৮ হাজার জনসংখ্যার ইয়াওয়াতা শহরটি ঐতিহ্যবাহী চা সংস্কৃতি ও চেরি ফুলের জন্য পরিচিত।
গত মে মাসে কাওয়াতা তার সিদ্ধান্ত প্রকাশ করার পর থেকেই বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শহরের অনেক বাসিন্দা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেউ নবজাতকের জন্য হাতে তৈরি জুতা উপহার দিয়েছেন, আবার কেউ স্থানীয় ঐতিহ্যবাহী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে বিষয়টি নিয়ে সমালোচনাও কম হয়নি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী, যাদের বড় একটি অংশ পুরুষ, তাকে প্রশাসনিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ তোলেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, ব্যক্তিগত জীবনকে সরকারি দায়িত্বের ওপর প্রাধান্য দেওয়া কতটা যৌক্তিক।
এসব সমালোচনার জবাবে শোকো কাওয়াতা বলেন, এই অভিজ্ঞতা তাকে জাপানি সমাজে কর্মজীবী নারীদের প্রতি বিদ্যমান দৃষ্টিভঙ্গি আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে। তার ভাষ্য, মাতৃত্বের কারণে নারীরা এখনো নানা সামাজিক চাপ ও বৈষম্যের মুখোমুখি হন।
বর্তমানে তিনি সিটি হলের একটি কক্ষ থেকে সীমিত পরিসরে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। উল্লেখযোগ্যভাবে, ওই কক্ষেই পূর্ববর্তী পুরুষ মেয়রদের প্রতিকৃতি সংরক্ষিত রয়েছে। সেখান থেকেই তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।
বিশ্লেষকদের মতে, শোকো কাওয়াতার এই সিদ্ধান্ত জাপানে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার ও কর্মক্ষেত্রে সমতার প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। দেশটিতে কর্মক্ষেত্রে মাতৃত্বজনিত বৈষম্য বোঝাতে 'মাতাহারা' (ম্যাটারনিটি হ্যারাসমেন্ট) শব্দটি বহুল ব্যবহৃত। সন্তান জন্মের পর দীর্ঘ ছুটি নিলে অনেক নারীর পদোন্নতি বা ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ফলে অনেকেই আইনগতভাবে প্রাপ্য মাতৃত্বকালীন সুবিধা গ্রহণে দ্বিধায় ভোগেন।
এমন বাস্তবতায় দায়িত্বে থাকা একজন মেয়রের মাতৃত্বকালীন ছুটি নেওয়ার সিদ্ধান্তকে জাপানে সামাজিক ও প্রশাসনিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন