Views Bangladesh Logo

জাপানে আজ ভোট, আগাম নির্বাচনে ‘ঝুঁকিতে’ তাকাইচির ভবিষ্যৎ

জাপানে আজ রোববার ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রাজনৈতিক ভবিষ্যৎ। ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না—সেটিই এখন মূল প্রশ্ন।

দেশটির শক্তিশালী নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৬৫টি আসনের জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী। জনমত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টির জোট সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারে। তবে দলীয় তহবিল সংক্রান্ত কেলেঙ্কারি এবং এখনও সিদ্ধান্তহীন ভোটারদের অবস্থান কিছু আসনে ফলাফল পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রী তাকাইচি গত ২৩ জানুয়ারি আকস্মিকভাবে প্রতিনিধি পরিষদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন। নিয়মিত সংসদ অধিবেশনের শুরুতে এ ধরনের ভাঙন গত ৬০ বছরে এই প্রথম। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, জোট সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

তবে এ সিদ্ধান্তের কারণে ২০২৬ অর্থবছরের প্রাথমিক বাজেট পাস বিলম্বিত হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তাকাইচি। বিশেষ করে নীতি বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন।

এদিকে নতুন গঠিত বিরোধী জোট ‘সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স’—যার মধ্যে রয়েছে কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি ও এলডিপির সাবেক মিত্র কোমেইতো—এখনো পর্যন্ত ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সমর্থন আদায় করতে পারেনি বলে সাম্প্রতিক জরিপে উঠে এসেছে।

স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে। ফলাফল রাত গভীর পর্যন্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাপান সাগর উপকূলীয় এলাকায় ভারী তুষারপাতের কারণে যাতায়াতে সমস্যা সৃষ্টি হতে পারে, যা ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, ১৯৯০ সালের পর এই প্রথম ফেব্রুয়ারিতে জাপানে নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ