ব্রাজিলের বিপক্ষে নামার আগে জাপান কোচের হুঙ্কার, ‘আমাদের জয়ের সুযোগ আছে’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ফিফা বিশ্বকাপের নকআউট ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। শক্তিশালী প্রতিপক্ষ হলেও ব্রাজিলকে ভয় পাচ্ছে না জাপান, বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছে দলটি।
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করে গ্রুপ ‘এফ’-এর দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে জাপান। এর ফলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হয়েছে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ২৯ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হবে দুই দল।
মরিয়াসু বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের প্রতি আমাদের অনেক সম্মান আছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর যেকোনো কিছুই হতে পারে। আমার বিশ্বাস, আমাদের জয়ের সুযোগ রয়েছে।
জাপান কোচ নিজের দলের আত্মবিশ্বাসের পেছনে গত বছরের অক্টোবরের একটি ম্যাচের উদাহরণ দিয়েছেন। টোকিওতে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে জাপান ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে বড় চমক দিয়েছিল।
তিনি বলেন, আমরা আগের ম্যাচে দেখিয়েছি যে আমরা সহজে হাল ছেড়ে দিই না। বড় দলের বিপক্ষেও লড়াই করার মানসিকতা আমাদের আছে।
সুইডেনের বিপক্ষে ম্যাচে দাইজন মায়েদার গোলে এগিয়ে গিয়েছিল জাপান। তবে ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে সুইডেন সমতা ফেরায়। এতে গ্রুপের শীর্ষস্থান হারালেও নকআউট নিশ্চিত করায় সন্তুষ্ট কোচ মরিয়াসু।
তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল নকআউট পর্বে যাওয়া, সেটি আমরা অর্জন করেছি। এটি জাপানি ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখন আমরা আরও সামনে এগোতে চাই।
ব্রাজিল বনাম জাপান ম্যাচে তাই একদিকে থাকবে অভিজ্ঞ ও তারকায় ভরা ব্রাজিল, অন্যদিকে থাকবে আত্মবিশ্বাসী ও লড়াকু জাপান। বিশ্বকাপের মঞ্চে এই লড়াই হতে যাচ্ছে দারুণ আকর্ষণীয়।
মতামত দিন