জামায়াত-এনসিপি ক্ষমতায় থেকেই নির্বাচন করছে: মির্জা আব্বাস
বিএনপির ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে মূলত জামায়াত ও তাদের সহযোগী সংগঠন এনসিপি ক্ষমতায় বসিয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, ‘ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা—এনসিপি। সরকারপ্রধান নিজেই বলেছেন, ওরাই তাকে বসিয়েছে।’ তার দাবি, জামায়াত ও এনসিপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থেকেই নির্বাচনে অংশ নিচ্ছে।
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী ১৯৭১ সালের স্বাধীনতা ও বাংলাদেশের সার্বভৌমত্ব কখনোই মেনে নেয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরোনো শকুন ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, আজও এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তারা মানে না।’ এই চক্রটি নিয়মিত বিএনপিকে আক্রমণ করছে এবং নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, প্রশাসনে থাকা জামায়াতপন্থী কর্মকর্তারা জনগণের প্রকৃত ভোটের ফল পাল্টে দিতে পারে। তার ভাষ্য অনুযায়ী, কিছু দল ক্ষমতার লোভে বিদেশিদের সঙ্গে গোপন সমঝোতায় জড়িয়েছে এবং একটি নির্দিষ্ট দলকে জেতানোর চেষ্টা চলছে। সে চেষ্টা ব্যর্থ হলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আসন্ন নির্বাচনে বড় ধরনের ভোট কারচুপির আশঙ্কার কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি। বিএনপি একটি জাতীয়তাবাদী দল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এই বাস্তবতা তারা মেনে নিতে পারে না।’ এ সময় তিনি নেতা-কর্মীদের সজাগ থাকার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা ও ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা তা মেনে নেবো না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরবো।’ তিনি আরও বলেন, বিরোধী পক্ষ তাকে উসকানি দেওয়ার চেষ্টা করলেও নির্বাচনের আগে কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না। তবে প্রয়োজনে নির্বাচনের পর কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।
ভোটের অধিকার রক্ষা এবং সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকারের মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে