বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে কোনো শপথ নেবে না জামায়াত: তাহের
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের সংসদ সদস্যরা কোনো শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় দুপুর ১২টায় নির্ধারিত হয়েছে এবং আমরা সেখানে উপস্থিত থাকব। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণে অংশ নেবেন না। কারণ সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
এদিকে, সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’
তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিএনপি সংবিধান মেনে চলবে, আগামীতেও তা বজায় থাকবে।
উল্লেখ্য, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিত ব্যক্তিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া কথা। তবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে