Views Bangladesh Logo

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করে জামায়াত, কিন্তু মানুষ এমন রাষ্ট্র চায় না: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতি করে, কিন্তু বাংলাদেশের মানুষ এমন রাষ্ট্রব্যবস্থা চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়; এটি একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ‘রেজিমেন্টেড’ দল।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামীর নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে। তারা শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাজনীতি করে। কিন্তু বাংলাদেশের মানুষ এমন রাষ্ট্র চায় না; তারা উদারপন্থী রাজনীতিতে বিশ্বাসী।

জুলাই সনদ নিয়ে জামায়াতের সমালোচনার জবাবে বিএনপি মহাসচিব বলেন, সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং কোন বিষয়ে মতপার্থক্য রয়েছে। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেসব বাস্তবায়ন করবে বলেও সেখানে উল্লেখ আছে।

তিনি বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে। জুলাই সনদের প্রতিটি বিষয়ও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে মতামত দেওয়ার সুযোগ ছিল জামায়াতের। কিন্তু তারা সেই পথ না বেছে ১১ দলীয় জোটকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচির পথ বেছে নিয়েছে।

তার দাবি, জামায়াতের এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই।

সভায় মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছেন এবং সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও বিএনপি পরাজিত হবে না।

বর্ধিত সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ