আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৫ সালের আয় আগের বছরের তুলনায় কমেছে। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাবে দেখা যায়, ২০২৫ সালে দলটির আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী জামায়াতে ইসলামী তাদের হিসাব জমা দিয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
আগের বছরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে জামায়াতে ইসলামীর আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। সে বছর দলটি ব্যয় দেখিয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। সেই তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে।
এর আগে ১৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। বিএনপির হিসাবে, গত বছর দলটির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে দলটির উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা। বিএনপির ব্যাংকে গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা এবং হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা।
মতামত দিন